দ্বিতীয় দফায় ভাঙলো নির্মাণাধীন ফুট বেইলি সেতু

0
47

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুটি দ্বিতীয়বারের মতো বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি নিয়ে কিছুক্ষণ এগোনোর পড়ে অবশেষে বাল্কহেডটিও নদীতে ডুবে যায়।

আজ সোমবার সকালে উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ২ অক্টোবর সেতুটি আরেকবার বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণকাজের সুবিধার জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপাড়ের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয় এবং পরবর্তী সময়ে জনসাধারণের হাঁটাচলার জন্য নদীর ওপর একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিল।

গত বছরের ২ অক্টোবর একটি বালুভর্তি বাল্কহেড ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে।

একই ফুটওভার সেতুটিতে সোমবার সকালে একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে বাল্কহেডে পড়ে যায়। পড়ে সেতুটির ভাঙা অংশসহ বাল্কহেডটি কিছুদূর এগিয়ে পাড়ে ভিড়ানোর সময়ে ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়।

স্থানীয় অনেকেই বলেন, এই সেতুটির জন্য দুপারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। মানুষ ট্রলারে করে নদী পাড় হয়। হাঁটাচলার জন্য একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিল। সেটিও আজ সকালে বাল্কহেডের ধাক্কায় ভেঙে যায়।

‘তবে মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা চাই অতি দ্রুত এ সকল দুর্ঘটনা এড়াতে নতুন সেতুটির কাজ শেষ করা হোক’, বলেন স্থানীয়রা।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘আমি মিটিংয়ে রয়েছি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here