সেন্সরে আটকে থাকা ‘অন্যদিন’ প্রেক্ষাগৃহে আসছে ১১ জুলাই

0
74
ছবি: সংগৃহীত

অবশেষে জানা গেলো আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাড়া ফেলার পর সেন্সর জটিলতায় আটকে থাকা ‘অন্যদিন…’ সিনেমার মুক্তির তারিখ। নির্মাতারা বলছেন, জুলাই বিপ্লব না হলে এই ছবি মুক্তি দেওয়া এ দেশে সম্ভব ছিলো না, সেই জুলাইয়েই মুক্তি পাচ্ছে ছবিটি!

কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত ‘ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ জুলাই। টানা সাতদিন প্রেক্ষাগৃহে দেখা যাবে আলোচিত ছবিটি।

বিশ্বের প্রথমসারির চলচ্চিত্র উৎসব ইডফার মূল প্রতিযোগিতার ছবি, কানের সিনফন্দেশিওনের অফিসিয়াল সিলেকশন, লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম ‘ফিচারড ডিরেক্টর’ হিসেবে সম্মাননা, ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ড এবং ফ্রান্সের আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজসহ নানা আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন করা অন্যদিন… ইতিমধ্যে সেন্সর জটিলতা ও ব্যতিক্রমধর্মী প্রচারণার জন্য ইতিমধ্যেই চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

প্রযোজক সারা আফরীন জানান, ‘অন্যদিন…’ কান, লোকার্নো, ক্যামডেনসহ আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার ও স্বীকৃতি পেলেও দেশে এতদিন নিষিদ্ধ ছিল। ২০১৪-তে সানড্যান্স থেকে গ্রান্ট জেতে অন্যদিন…। ২০২১-এ ইডফায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর তাদের ওয়েবসাইটে অন্যদিন…কে লেখা হয়েছিলো ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’।

এছাড়াও ছবিটি নিউ ইয়র্কের মমি-তে মাস্টারপিস হিসেবে নির্বাচিত হয়। অংশ নেয় জুরিখ, সিডনি ও নন্তের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টস প্রতিযোগিতায়। ফিল্ম-ইংক (#FilmInk) লিখেছে “ছবিটা সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত” (deserves biggest screen possible)। স্ক্রিন ডেইলি অন্যদিন… এর রিভিউতে লিখেছে ‘সিডাকটিভ’ আর ভ্যারাইটি লিখেছে ‘কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেয়’। বিশ্বের নানা মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হলেও, দেশের রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড অন্যদিন… আটকে রেখেছিল ।

এর আগে গত ২৪ জুন সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উক্ত প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীর মাননীয় সদস্য ফরিদা আখতার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মানবাধিকারকর্মী হামিদা হোসেন ও শিরীন হক, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, নাট্যজন জামিল আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমীর পরিচালক মোহাম্মাদ আজম, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, প্রযোজক রেদোয়ান রনি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অধ্যাপক সাঈদ ফেরদৌস, মানস চৌধুরী ও সৈয়দ নিজার হোসেইন, নির্মাতা হুমায়রা বিলকিসসহ রাজনৈতিক ও সাংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। প্রদর্শনীর পর সবাই ছবিটির ভূয়সী প্রশংসা করেন এবং এতদিন ছবিটি আঁটকে থাকার সেই প্রশ্নটি যেন ঘুরেফিরে বারবার আসতে থাকে।

‘অন্যদিন…’ কামার আহমাদ সাইমন নির্মিতব্য জলত্রয়ীর (Water Trilogy) দ্বিতীয় সিনেমা। মূলত জলত্রয়ীর প্রথম সিনেমা শুনতে কি পাও! দিয়ে আলোচনায় আসেন কামার। ছবিটির জন্য প্যারিসের জর্জ পম্পিদ্যু সেন্টারে সিনেমা দ্যু রিলে শ্রেষ্ঠ ছবির জন্য গ্রাপ্রি (Grand Prix) এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ (Golden Conch)-সহ জয় করেন আরও অনেক আন্তর্জাতিক সম্মাননা। এছাড়াও ছবিটি পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘অন্যদিন…’ মুক্তি প্রসঙ্গে পরিচালক কামার বলেন, “একটা ছবিকে গায়েব করা মানে, একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ২৪’র জুলাইয়ের আগে ‘অন্যদিন…’ দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম এরপর আর কোন ছবিই বানাবো না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। কাক এবং কবিরা কিন্তু ভূমিকম্প আগে টের পায়, যেকোন শিল্প মাধ্যমের ক্ষেত্রেই কথাটা খাটে, যদি না শিল্পীরা তাদের আত্মসত্তা বিক্রি করে না দেন। বিগত রেজিমের জন্য ছবিটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল ‘অন্যদিন…’ অথচ এখন আবার জুলাই আসলো বলেই ‘অন্যদিন…’ দেখানো যাচ্ছে। সেই জন্য আমরা ঠিক করি জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দিব ‘অন্যদিন…’।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here