হকার্স মার্কেটের ৩০ দোকান পুড়ে ছাই

0
123

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার ভোর ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হন।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মুন্না নামের এক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বলেন, ‘হকার্স মার্কেটটির অধিকাংশই জামাকাপড়ের দোকান। আমার দোকানটিতে কিছু দিন আগে ২০ লাখ টাকার মালামাল কিনে রাখি। আগুনে আমার অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরী ৬৪২ ছোট দোকান ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

চেম্বার অব কমার্সের প্রতি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা এবং দোকানগুলো পুর্ণ নির্মাণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান তিনি।

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here