শেরপুরের নকলায় পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বিকেলে ডাকাতিয়াকান্দা এলাকার কফিল মিয়ার বাড়ির পেছনে শিশুরা খেলা করছিল। এসময় একটি পাগলা শিয়াল অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। শিয়ালটি যাদেরকে সামনে পেয়েছে তাদেরকে কামড়িয়েছে। এক পর্যায়ে ওই এলাকার শিশুসহ অন্তত আটজনকে কামড় দিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

