জ্বালানি সংকটে স্থবির ভোলা বিসিক শিল্প নগরী, বন্ধের মুখে ১২ কারখানা

0
30
জ্বালানি সংকটে স্থবির ভোলা বিসিক শিল্প নগরী, বন্ধের মুখে ১২ কারখানা

তীব্র জ্বালানি সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে ভোলার বিসিক শিল্প নগরী। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় অন্তত ১২টি কারখানা বন্ধের মুখে পড়েছে, এতে কর্মসংস্থান হারানোর শঙ্কায় রয়েছেন পাঁচ শতাধিক শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দশক আগে ৯৬টি প্লট নিয়ে গড়ে ওঠা এই শিল্প নগরীতে বর্তমানে ২৭টি কারখানা চালু রয়েছে, যেখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। তবে সাম্প্রতিক জ্বালানি সংকট উৎপাদন কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

কারখানা মালিক জামাল উদ্দিন খান জানান, প্রতিদিন তার কারখানা চালাতে ৩৫০ থেকে ৪০০ লিটার জ্বালানি তেল প্রয়োজন হলেও তা পাওয়া যাচ্ছে না। ফলে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের বসিয়ে রেখেও বেতন দিতে হচ্ছে, যা দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, আরেক মালিক ফাহিম খান বলেন, তাদের কারখানায় মুড়ি, আটা, ময়দা ও স্কুল ফিডিংয়ের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য উৎপাদন করা হয়। কিন্তু জ্বালানি সংকটের কারণে উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। তিনি দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উৎপাদন ব্যাহত হওয়ায় পরিবহন ব্যবস্থাও প্রায় অচল হয়ে পড়েছে। এতে বিপুল পরিমাণ পণ্য কারখানায় অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। শ্রমিকদের বেতন পরিশোধ করতে গিয়ে মালিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

শ্রমিক নোমান ও সোহাগ জানান, কারখানা বন্ধ হয়ে গেলে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে, কারণ তারা দিনমজুরির ওপর নির্ভরশীল।

ভোলা বিসিক শিল্প নগরীর কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জ্বালানি সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। একইসঙ্গে জেলা প্রশাসক ডা. আজাদ জাহান জানিয়েছেন, কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক রাখতে মালিকদের আবেদনের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে শিল্প নগরীর উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সচল রাখতে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মালিক ও শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here