কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া এক বাকপ্রতিবন্ধী তরুণীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই মানবিক অভিযানে বাসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা সরাসরি অংশ নেন।
জানা যায়, নিখোঁজ তরুণীর নাম সাবিরা আক্তার (২২)। তিনি গত ২৪ জুলাই সকাল ৬টার দিকে কুমিল্লার বুড়িচং এলাকার নিজবাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে কুমিল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং তার বাবা গোলাম জিলানী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিখোঁজের পোস্ট দেন।
এরপর ২৫ জুলাই রাতেই মোহাম্মদপুর সেনানিবাসের বাসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা তরুণীর সম্ভাব্য অবস্থান শনাক্ত করে। রাত ১২টা ৩০ মিনিটে সেনা সদস্যরা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তরুণীটিকে নিরাপদ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
পরদিন শনিবার (২৬ জুলাই) সকালে প্রয়োজনীয় পরিচয় যাচাই-বাছাই শেষে সাবিরা আক্তারকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা২৪.কম-কে জানান, ‘মানবিক মূল্যবোধ থেকে আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। কোনো নাগরিক বিপদে পড়লে তাকে সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।’
এ দিকে সাবিরাকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

