সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর

0
84

সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রবিবার (৩ আগস্ট) দুবাই থেকে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উপসাগরীয় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২ আগস্ট) নাজরানে সোমালিয়ার চার জন এবং ইথিওপিয়ার তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ ছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের।

সৌদি আরব চলতি বছরে এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে ১৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় মাদক-সংক্রান্ত মামলায়। ২০২৪ সালে দেশটিতে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এ বছর মৃত্যুদণ্ড কার্যকরের যে হার, তাতে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here