সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে। মৃতদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪২ জন নারী।
শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও একইসময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন। ফলে চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৩৫ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া তিন জনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ (২৩) রয়েছেন। নারীদের একজনের বয়স ৬০ বছর এবং অন্যজনের বয়স ১৩ বছর।
বিভাগ অনুযায়ী শুক্রবার হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যা হলো—বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন।
একই দিনে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩০৬ জন। চলতি বছরে মোট ২২ হাজার ৩০৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। রোগীদের মধ্যে ৫৮ দশমিক ৭০ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৩০ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন ও জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনও রোগীর মৃত্যু হয়নি।
চলতি মাসের ৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫৫ জন, এর মধ্যে মারা গেছেন ১৫ জন। গত বছর (২০২৪) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।


