রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় একটি বাসায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলার পর অভিযুক্ত বাবুল বেপারীকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
ওই শিশুর স্বজনরা জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। মগবাজার দিলু রোডে ভাড়া থাকেন। স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণিতে পড়ে সে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, শিশুটির নানা মো. মিলন বাদী হয়ে আজ সোমবার (৮ আগস্ট) থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৮ আগস্ট দুপুরে প্রতিবেশী অভিযুক্ত বাবুল বেপারী (৪৩) দিলু রোডের নিজের বাসায় ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিতে বাসায় পাঠিয়ে দেয়।
তিনি আরও জানান, পরে গতকাল রোববার (১০ আগস্ট) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি শিশুর কাছে জানতে পারেন। এরপর আজ সোমবার থানায় এসে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত বাবুল বেপারীকে গ্রেফতার করা হয়। সে জাতীয় যাদুঘরে চাকুরি করে। তবে গ্রেফতারের পর সে নিজেই ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

