ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছে ম্যানচেস্টার সিটি। উলভসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
সপ্তম লিগ শিরোপার খোঁজে জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড। ৩৪ মিনিটে প্রথম গোল পেয়ে যান তিনি। অবশ্য শুরুতে নিয়ন্ত্রণ নিতে মূল অবদান নিউ সাইনিং রেইন্ডার্সের। প্রিমিয়ার লিগ অভিষেকে আলো ছড়িয়েছেন তিনি। প্রথম গোলটির জন্য ফ্লিক করে বক্সে বল দিয়েছিলেন। তারপর রিকো লুইসের পাসে ফাঁকা জালে বল পাঠান হল্যান্ড। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন রেইন্ডার্স। আন্দ্রে গোমেস অস্কার ববের কাছে বলের নিয়ন্ত্রণ হারালে সাবেক এসি মিলান মিডফিল্ডার রেইন্ডার্স আর কোনও ভুল করেননি। লো স্ট্রাইকে কাঁপান জাল।
বিরতির পর একটি গোল শোধের সুযোগ ছিল স্ট্র্যান্ড লারসেনের। কিন্তু বলটা লক্ষ্যের বাইরে দিয়ে মারেন তিনি। ৬১ মিনিটে হাল্যান্ড ব্যবধান বাড়িয়েছেন। সেখানেও অবদান ছিল রেইন্ডার্সের। তার পাস থেকেই জাল কাঁপান নরওয়ের তারকা। ৮১ মিনিটে চতুর্থ গোলটি করেন হাল্যান্ডের বদলি নামা রায়ান শেরকি। মাঠে নামার ৮ মিনিটের মাথায় গোল করেন তিনি।
গত মৌসুমটা হতাশায় শেষ করেছিল পেপ গার্দিওলার দল। ৮ বছরে প্রথম বড় কোনও ট্রফি ছাড়া মৌসুম শেষ করেছিল। কিন্তু এবার নতুন মৌসুমের শুরুতেই ভিন্ন কিছুর জানান দিচ্ছে।
দারুণ সূচনা করেছে টটেনহামও। বার্নলিকে হারিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন (১০ ও ৬০ মিনিট)। ৬৬ মিনিটে তৃতীয় গোলটি করেছেন ব্রেনান জনসন।

