বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদী শক্তি ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলেই অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করবে।
রোববার (২৪ আগস্ট) নয়াপল্টনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচন বিপদজ্জনক হয়ে উঠবে।
রিজভী আরও বলেন, একের পর এক কলকারখানা বন্ধ হওয়ায় বেকারত্ব বাড়ছে, দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। গার্মেন্টস খাতে লাখো চাকরি হারিয়ে গেছে, প্রয়োজনে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া উচিত।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আইন বা সংবিধান সংশোধনের দায়িত্ব নির্বাচিত সরকার ও সংসদের। এ বিষয়ে গণভোটের প্রয়োজন নেই।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা প্রধান বিচারপতিকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। এছাড়া, সুখরঞ্জন বালিকে দেশত্যাগেও বাধ্য করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

