নাটোরের পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতির পরিকল্পনা, গ্রেফতার ১৩

0
5
নাটোরের পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ডাকাতির পরিকল্পনা, গ্রেফতার ১৩

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড উপকেন্দ্রে প্রায় দুই কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় জড়িত ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামালের বড় একটি অংশ, ডাকাতিতে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ মে রাতে বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দ কাছুটিয়া এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তারা চারজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রেখে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকার ইলেকট্রনিক সরঞ্জাম ও ব্যাটারি লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।

তদন্তে জানা যায়, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী রুহুল আমিন ও সৈকত। তারা আগে কারাগারে থাকাকালীনই পরিকল্পনা করে এবং জামিনে বের হয়ে তা বাস্তবায়ন করে।

ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে নাটোরসহ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে অভিযান চালায়। এতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৩৫০টি ব্যাটারি সেল, ব্যবহৃত ট্রাক, ১০টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here