ট্রাম্পের আদেশে হার্ভাডের তহবিল বাতিল অবৈধ ছিল: আদালত

0
53

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিল করা অবৈধ ছিল বলে রায় দিয়েছেন এক মার্কিন বিচারক। বুধবার (৩ সেপ্টেম্বর) বোস্টনের বিচারক অ্যালিসন বারোজ এ সিদ্ধান্ত দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রায়ে বলা হয়, বেআইনিভাবে হার্ভার্ডের বরাদ্দ ২২০ কোটি মার্কিন ডলার তহবিল বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ভবিষ্যতে সম্মানজনক এই প্রতিষ্ঠানের গবেষণা খাতে প্রশাসনের দিক থেকে বরাদ্দ বাতিল করা যাবে না বলেও রায়ে আদেশ দেওয়া হয়।

হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, এই রায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্বাধীনতা, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা এবং আমেরিকান উচ্চশিক্ষার মূল নীতিগুলোর সুরক্ষায় আমাদের অবস্থানকে বৈধতা দিয়েছে।

অবশ্য রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে হোয়াইট হাউজের মুখপাত্র লিজ হিউস্টন বলেছেন, বিচারক বারোজ সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামার আমলে নিযুক্ত একজন কর্মকর্তা। তাই, তিনি পক্ষপাতমূলক রায় দিয়েছেন।

তিনি আরও দাবি করেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন করদাতাদের অর্থ পাওয়ার সাংবিধানিক অধিকার রাখে না এবং ভবিষ্যতেও তারা অনুদান পাওয়ার অযোগ্য।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হার্ভার্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ট্রাম্প। তার অভিযোগ, প্রতিষ্ঠানটি ইহুদি বিদ্বেষ ও চরম বামপন্থি মতবাদের আখড়া হয়ে উঠেছে। এসব ইস্যু সমাধানে কর্তৃপক্ষের অবহেলার অজুহাতে শত শত কোটি ডলারের তহবিল বাতিল করেন তিনি।

এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের বাকস্বাধীনতা, পরিচালনা, নিয়োগ এবং অ্যাকাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দেয় হার্ভার্ড কর্তৃপক্ষ।

বুধবারের রায়ে বিচারক বারোজ আরও বলেন, বহুদিন ধরেই প্রশাসনের বিদ্বেষপূর্ণ মনোভাব সয়ে আসছে হার্ভার্ড। ইহুদিবিদ্বেষের ধুয়া তুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

তিনি আরও বলেন, প্রশাসনের চাপের কারণে আইনের তোয়াক্কা না করে হার্ভার্ডের বরাদ্দ হুট করে বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতি যে প্রতিশোধমূলক মনোভাব দেখানো হয়েছে, তা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক।

হার্ভার্ডের জন্য আবারও ভবিষ্যতে অনুদান বন্ধ করা, বিদ্যমান অনুদানের অর্থ আটকে রাখা বা নতুন তহবিল প্রত্যাখ্যান থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

হার্ভার্ডের বিরুদ্ধে কেবল তহবিল বাতিল নয়, এতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভিসা নিয়েও নতুন বিধিনিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প। ওই পদক্ষেপের বিরুদ্ধে করা মামলারও রায় দিয়েছিলেন বিচারক বারোজ। ওই রায়ে, আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণে বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারে প্রশাসনকে হস্তক্ষেপে বিরত রাখেন তিনি।