অমর্ত্য রায়কে জাকসু নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশ হাইকোর্টের

0
39

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়কে অংশ নেওয়ার অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে, অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত ৬ সেপ্টেম্বরের সিদ্ধান্তও স্থগিত করেছেন হাইকোর্ট।

আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে অমর্ত্য ভিপি পদে প্রার্থী হন। গত ২৯ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম থাকলেও, ৬ সেপ্টেম্বর জাবি নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা বাতিলের কথা জানায়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অমর্ত্য জাকসু গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে রিট করেন অমর্ত্য রায়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন, এবং জাবির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আদেশের পর জাবির আইনজীবী জানিয়েছেন, তারা হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করবেন।