নেপালে চলমান রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। চলতি সপ্তাহে প্রাণঘাতী বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়া এবং পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের পর।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আশ্বাস দেন।
প্রেসিডেন্ট পাউদেল বলেন, “আমি পরামর্শ চালিয়ে যাচ্ছি এবং বর্তমান জটিল পরিস্থিতির সাংবিধানিক সমাধান খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। আন্দোলনরত নাগরিকদের দাবির দ্রুত সমাধান করা হবে। আমি সব পক্ষকে আমার প্রতি আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।”
গত মঙ্গলবার বিক্ষোভের মুখে ৭৩ বছর বয়সী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। সংবিধান অনুযায়ী, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট পাউদেল এখন সংসদের সবচেয়ে বড় দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।
এদিকে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বুধবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তরুণ প্রজন্মের (জেনারেশন জেড) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন।
হিমালয়ের দেশ নেপালে প্রায় তিন কোটি মানুষের বসবাস। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ জারি করেছে।
জাতির উদ্দেশে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট পাউদেল জনগণকে সংযম প্রদর্শন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

