জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের

0
74

পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ উত্থাপনের পরদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে।

বার্তা সংস্থা এএফপি ওয়ারশো থেকে জানিয়েছে, বৃহস্পতিবার পোল্যান্ড ঘোষণা করেছে যে এই ড্রোন হামলা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি পোল্যান্ড, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে একটি অভূতপূর্ব আক্রমণ।

তবে, মস্কো এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ড্রোনগুলো রাশিয়ার ছিল বলে কোনো প্রমাণ নেই।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পোল্যান্ডসহ ন্যাটোর অন্যান্য সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটেছে। তবে, ন্যাটোর কোনো সদস্য দেশ এর আগে এগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে বলেন, এই ঘটনা ন্যাটোর প্রতিক্রিয়া এবং প্রস্তুতি পরীক্ষা করার জন্য ঘটানো হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট সময় উল্লেখ না করে জানিয়েছে, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শীঘ্রই জরুরি বৈঠকে বসবে।