ইংল্যান্ডের রানের ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

0
50

মাত্র ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান! স্কোরকার্ড দেখে মনে হতে পারে এটি কোনো ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচের ইনিংস। কিন্তু না—এটি আসলে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। শুক্রবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রোটিয়াদের ১৫৮ রানে অলআউট করে ১৪৬ রানের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা। ফলে সিরিজে ১-১ সমতায় ফেরে ইংল্যান্ড। রোববারের শেষ ম্যাচ তাই পরিণত হলো অঘোষিত ফাইনালে।

ইংল্যান্ডের ৩০৪ রানের ইনিংসটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয় দল হিসেবে ৩০০ রানের মাইলফলক ছুঁলো তারা।

এই ম্যাচে রেকর্ড বই নতুন করে লেখেন ওপেনার ফিল সল্ট। মাত্র ৬০ বলে অপরাজিত ১৪১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে দুটি বড় রেকর্ড গড়েন তিনি। প্রথমত, মাত্র ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক হন তিনি। এর আগে ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরি ছিল লিয়াম লিভিংস্টোনের, ৪২ বলে। দ্বিতীয়ত, ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন সল্ট। এর আগে তারই নামেই ছিল ১১৯ রানের রেকর্ড (২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। এবার আরও উন্নত করলেন সেটি। ইনিংসে ১৫টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি।

সল্টের সঙ্গে ঝড় তোলেন জস বাটলার। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি এবং ৩০ বলে করেন ৮৩ রান। তার ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৭টি ছক্কা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে তারা তোলেন ১০০ রান—টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহ। দুই ওপেনার ৭.৫ ওভারে ১২৬ রানের জুটি গড়েন। এরপর আউট হন বাটলার।

ইনিংসের শেষ দিকে সল্টকে সঙ্গ দেন জ্যাকব বেথেল (১৪ বলে ২৬) এবং হ্যারি ব্রুক (২১ বলে অপরাজিত ৪১)। এর ফলেই ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় রেকর্ড ৩০৪।

৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৫০ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর ৭৭ রানেই ৪ উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় ১৫৮ রানে। অধিনায়ক এইডেন মার্করাম ২০ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। জন ফরচুইন ১৬ বলে ৩২, ত্রিস্টান স্টাবস ২৫ এবং ডোনোবান ফেরেইরা ১১ বলে ২৩ রান করেন। তবে কেউই ম্যাচের গতিপথ পাল্টাতে পারেননি।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আরচার, মাত্র ২৫ রানে নেন ৩ উইকেট। স্যাম কারেন ও লিয়াম ডোউসন ২টি করে উইকেট পান।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড জিম্বাবুয়ের দখলে—গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১৪ রান করেছিল নেপাল, প্রতিপক্ষ ছিল মঙ্গোলিয়া। এবার সেই তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো ইংল্যান্ডের ৩০৪।