সাভারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

0
22
সাভারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারে বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ মো. মারুফ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. মারুফ হোসেন (৩৫) সাভারের নামাগেন্ডা এলাকার বাসিন্দা এবং জোড়পুল এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মারুফ হোসেন তার বাসায় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল বাড়ির মালিক ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে অভিযান চালায়।

অভিযানে তার দেখানো কক্ষের ভেতরে প্লাস্টিকের বস্তার মধ্যে কম্বলের নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলে থাকা নম্বর ও লেখা অস্পষ্ট বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেন অস্ত্রটি নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

এসআই মো. ইমরান হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here