আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে পৃথক দুই নৌকা দুর্ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে বহু মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বুধ ও বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একুয়েতার প্রদেশে দুর্ঘটনাগুলো ঘটে।
ডি আর কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশের লুকোলেলা এলাকায় প্রায় ৫০০ যাত্রী নিয়ে একটি নৌকা আগুন ধরে উল্টে যায়। মালাঞ্জে গ্রামের কাছে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌকা থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
এর একদিন আগে প্রদেশের বাসাঙ্কাসু এলাকায় আরেকটি মোটরচালিত নৌকা উল্টে অন্তত ৮৬ জনের মৃত্যু হয়। তাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, যদিও সঠিক সংখ্যা জানা যায়নি।

