আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেপ্তার

0
77
রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসান (৩৮)-কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরে বাংলানগর সেনা ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্র জানায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। আদায়কৃত অর্থের বড় অংশ যেতো তার গডফাদার ও বহিষ্কৃত যুবদল নেতা পলাতক জাহিদ হোসেন মোড়লের কাছে।

চাঁদা না দেওয়ায় তার অনুসারীরা কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। এর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন মেহেদী হাসান।

শেরে বাংলানগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শেরে বাংলানগর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে হাসানের গ্রেপ্তারের খবর পেয়ে যারা পূর্বে তার বিরুদ্ধে জিডি ও অভিযোগ করেছিলেন, তারা থানায় এসে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।