তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: নাহিদ ইসলাম

0
2
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেনি। তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় বাজেট বরাদ্দে বৈষম্যের মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়ে গণ–অভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি ছিলেন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে গণ–অভ্যুত্থানে যাঁরা অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাঁদের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান।’

কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল কিনছে না। এতে দেশের কৃষি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ, সার ও বীজের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here