পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

0
36

পদ্মা সেতুতে প্রথমবারের মতো চালু হলো আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। লাইভ পাইলট আকারে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে গাড়ি আর থামতে হবে না; নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ সিস্টেম চালু হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে ইটিসি কার্যক্রম শুরু হয়েছে।

কীভাবে ব্যবহার করা যাবে?

আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ট্যাপ অ্যাপ-এ গিয়ে “ডি-টোল” অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে।

এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে প্রথমবারের মতো গাড়ির আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে।

প্রক্রিয়া শেষ হলে গাড়ি ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবে। এ সময় ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

ট্যাপ অ্যাপ ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপকে এ সেবার সঙ্গে যুক্ত করার কাজ চলছে। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই ইতোমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শুরু করেছে।