ফরিদপুরে ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর

0
55

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুর এবং উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে তাদের ধাওয়া দেয় বিক্ষুব্ধ জনতা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে মিছিল শুরু করে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় তারা সাংবাদিকদের ভিডিও ধারণ ও ছবি তুলতে বাধা দেয়।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যদের মডেল মসজিদে আশ্রয় নিতে দেখা যায়।

ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে জনস্রোত ছুটে আসছে উপজেলা সদরের দিকে। কেউ আসছেন পায়ে হেঁটে, কেউ ভ্যান-নসিমন কিংবা মোটরসাইকেলে করে বিক্ষোভে যোগ দিচ্ছেন।

এদিকে বিক্ষোভের কারণে দুইটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।