রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইউনুত মোসতেয়ানু জানান, ড্রোনটি খুব নিচু উচ্চতায় উড়ছিল। এ সময় রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠায় এবং পাইলটরা ড্রোনটিকে ধ্বংস করার জন্য যথেষ্ট কাছাকাছি চলে যান। তবে এর আগেই ড্রোনটি ইউক্রেনের আকাশসীমায় ফিরে যায়।
পরবর্তীতে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি পরে আরও দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করা হয়। যুদ্ধবিমানগুলো ড্রোনটির পিছু নিয়ে চিলিয়া ভেচে গ্রামের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম পর্যন্ত অনুসরণ করে। পরে ড্রোনটি রাডার থেকে হারিয়ে যায়।
এ ঘটনায় দানিয়ুব নদী ও ইউক্রেন সীমান্তসংলগ্ন তুলসিয়া কাউন্টির নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের কাছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রোমানিয়া তার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো সদস্য দেশ রোমানিয়ার আকাশসীমায় এটি রুশ ড্রোন প্রবেশের একাধিক ঘটনার মধ্যে একটি। এ ধরনের ঘটনা ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন।

