সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

0
42

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমানের করা আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ জুলাই দুদক আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে। মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি ৫ কোটি ৩৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন।

এ ছাড়া তাঁর নামে থাকা ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে ১৫৮ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৫ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যার উৎস অস্পষ্ট। এসব লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।