দোহায় সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার নিন্দা আরব-মুসলিম দেশগুলোর

0
49

কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনের যৌথ ঘোষণায় এই হামলাকে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা বলা হয়।

ঘোষণায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দোহাকে পূর্ণ সমর্থন জানিয়ে কাতারের সংযমী অবস্থানকে প্রশংসা করা হয়।

এর আগের দিন আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কাতারের নিরাপত্তাকে আরব-ইসলামি বিশ্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলা হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ইসরায়েলের কর্মকাণ্ডকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” আখ্যা দেন।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে যাওয়া হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েল বিমান হামলা চালায়। এ ঘটনায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং জাতিসংঘসহ বিভিন্ন দেশও হামলার নিন্দা জানায়।

সূত্র: আল-জাজিরা