রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ মিছিল শুরু করে। প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ছেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. আরজু বলেন, সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ব্যানার হাতে জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। কিছুক্ষণের মধ্যেই তারা পালিয়ে যায়। পরে পুলিশ এসে ১১ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে, তবে কয়েকজন বয়স্কও ছিলেন। তারা স্লোগান দিচ্ছিলেন— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’।
ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে— তা যাচাই করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

