ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

0
59

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন— মো. শরিয়ত উল্লাহ (৪৩), রহিম বাদশা (৩৬) ও দেলোয়ার হোসেন লিটন (৪৩)। তাদের কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আনা হচ্ছে এমন খবর পাওয়া যায়। পরে শনির আখড়া এলাকায় অবস্থান নিয়ে ডিবি সদস্যরা একটি কাভার্ড ভ্যান আটক করে। ভ্যানের গোপন প্রকোষ্ঠে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শরিয়ত উল্লাহ ও রহিম বাদশাকে আটক করা হয়।

অন্যদিকে, শনিবার বিকেলে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপভ্যান থেকে ৫২ কেজি গাঁজা জব্দ করে দেলোয়ার হোসেন লিটনকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা একটি পেশাদার মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা থেকে ইয়াবা ও গাঁজা এনে রাজধানীসহ আশপাশের জেলায় সরবরাহ করছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।