নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সিরাজুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরবর্তীতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

