মুন্সিগঞ্জে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ গ্রাফিতির উদ্বোধন

স্বরাষ্ট্র উপদেষ্টা: “আন্দোলনের আত্মত্যাগ বৃথা যাবে না”

0
59

যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিপক্ষে, তারা আর কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, “জুলাই আন্দোলনকারীদের আত্মত্যাগ বৃথা যাবে না।”

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

G3

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে, এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার এলেও এটি না রাখার কোনো কারণ নেই।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছে। এর চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে—স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, সেতু বিভাগের সচিব মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব আলতাফ হোসেনসহ অনেকে।

গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের বীরযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগ। এর মধ্যে স্থান পেয়েছেন—রিকশাচালক শহীদ মোহাম্মদ সুজন, আন্দোলনে নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরের শহীদ আবু সাঈদ এবং শহীদ গোলাম নাফিজ।