চবিতে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

0
59

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাকসু নির্বাচন পরিচালনার ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা ক্যাম্পাস ও আবাসিক হলে গিয়ে শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, চাকসুর শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা সম্পাদক পদে ১৪ জন, ছাত্রীকল্যাণ সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ১৪ জন, আবাসন সম্পাদক পদে ১৭ জন, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ১৪ জন এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল কিংবা অন্য কোনো অসংগতি ধরা পড়লে তালিকা ও ব্যালট নম্বরে পরিবর্তন আসতে পারে।”