জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শতাধিক সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় বিদেশ সফরে এত বড় দল পাঠানোর বিষয়টি আগের কর্তৃত্ববাদী সরকারের বিব্রতকর চর্চারই ধারাবাহিকতা।
এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “পতিত কর্তৃত্ববাদী শাসনামলে জাতিসংঘের সাধারণ অধিবেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশাল আকারের প্রতিনিধিদল প্রেরণ স্বাভাবিকতায় পরিণত করা হয়। আমরা আশা করেছিলাম বর্তমান সরকার এই ধরনের চর্চা পরিহার করবে। দুঃখজনকভাবে তারা একই পথ অনুসরণ করল।”

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ‘অহেতুক’ বিদেশ সফর বন্ধে পরিপত্র জারি করলেও এখন শতাধিক প্রতিনিধি নিয়ে নিউইয়র্কে যাওয়া ‘পরিতাপের বিষয়’।
ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, এর মাধ্যমে দেশ ও জনগণের কী সুফল হবে এবং এই বিশাল খরচের যৌক্তিকতা কী? তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, প্রতিনিধিদলের সদস্যদের ভূমিকা কী এবং জাতীয় স্বার্থ কতটুকু বিবেচিত হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। এই প্রতিনিধিদলে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাজনৈতিক মহলে প্রশংসিত হয়েছে। তবে মোট কতজন সদস্য প্রতিনিধিদলে রয়েছেন, সে সংখ্যা সরকার প্রকাশ করেনি।


