টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

0
45

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের তত্ত্বাবধানে দরগারছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত পাচারকারীর নাম ইসমাইল (৩২)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ার এক ব্যক্তির বাড়ির মাটির নিচ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা এই ইয়াবার চালানটি সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর কথা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই পাচারকারী চক্রটি ইয়াবা বাংলাদেশে প্রবেশ করানোর জন্য রোহিঙ্গাদের ব্যবহার করে। এ ঘটনায় ইয়াসিন ও তাহের নামে আরও দুজন পলাতক রয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই অভিযান সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিজিবি ও পুলিশের কঠোর অবস্থানের প্রতিফলন বলে উল্লেখ করেন বিজিবির এই কর্মকর্তা।