শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন তারেক রহমান

0
53

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায়ের মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করবে—এটিই দেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ। একজন বাংলাদেশি হিসেবে এর মধ্য দিয়েই সবার পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব ফুটে ওঠে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারেক রহমান পবিত্র হাদিসের একটি বাণী উদ্ধৃত করে বলেন, যারা অমুসলিমদের ওপর নির্যাতন করে, তাদের অধিকার খর্ব করে বা ধন-সম্পদ কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন প্রিয় নবী নিজেই লড়বেন।

তিনি বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখা স্বাভাবিক রীতি। একই সাথে তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই উৎসবকে ঘিরে কোনো ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি বা নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন নিশ্চিন্তে ও নিরাপদে সারাদেশে উৎসব উদযাপন করেন এবং সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। তিনি বলেন, “আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

সবশেষে, তিনি তার এবং বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।