যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

0
79

যুক্তরাষ্ট্রে গির্জার ভিতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত হয়েছেন, আরও আটজন হয়েছেন আহত। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে। গতকাল রোববার (মিশিগানের স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে এই হামলার ঘটনা ঘটে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য রোববার একটি বিশেষ দিন; এদিন চার্চে হয় সামষ্টিক প্রার্থনা বা ‘মাস’। এই সুযোগকে কাজে লাগিয়ে হামলাকারী গির্জায় ঢুকে নির্বিচারে গুলি চালায়। কেন সে এমন ভয়ংকর কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ হামলাকারীর অতীত জীবন, বাসস্থান এবং ফোন রেকর্ড খতিয়ে দেখছে।

চোখের পলকে ঘটে যায় ভীতিকর সেই দৃশ্য। স্থানীয় সময় রোববার সকালে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন গ্র্যান্ড ব্ল্যাংকের একটি গির্জায়। ঠিক তখনই থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) নামের এক সাবেক মার্কিন সেনা হঠাৎ গাড়ি চালিয়ে গির্জার ভেতরে ঢুকে পড়ে। হাতে ছিল একটি অ্যাসল্ট রাইফেল, আর শুরু করে নির্বিচারে গুলি ছোড়া। কিছুক্ষণ পর গির্জার ভেতর থেকে সরে গিয়ে ভবনটিতে আগুন লাগায় সে, এতে ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্যানফোর্ডের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। জানা গেছে, সে মিশিগানের বার্টন শহরে জন্ম ও বেড়ে ওঠে। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সে মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখায় ইরাকে দায়িত্ব পালন করেছে। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর তার মানসিক অবস্থা কেমন ছিল, সেটিও এখন তদন্তের আওতায় আনা হচ্ছে।

হামলার ফলে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন এবং আহত হন আরও অন্তত ৮ জন। পুলিশ প্রথমে ২ জনের মরদেহ উদ্ধার করলেও, পরে গির্জার ভেতরে আরও দু’জনের মৃতদেহ পাওয়া যায়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় পুলিশ। গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই দুইজন কর্মকর্তা গির্জার চত্বরে পৌঁছে যায়। চার্চের পার্কিং লটে পুলিশের গুলিতে স্যানফোর্ড নিহত হয়।

এখনও পর্যন্ত জানা যায়নি, কেন স্যানফোর্ড এমন হামলা চালিয়েছে। তদন্তকারীরা তার বাড়ি, ফোন রেকর্ড এবং পারিবারিক যোগাযোগ ঘেঁটে হত্যার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। এই ভয়াবহ ঘটনাটি ঘটে যাওয়ার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরে আরেকটি বন্দুক হামলা হয়। সেখানকার একটি পানশালায় চালানো সেই হামলায় নিহত হন অন্তত ৩ জন এবং আহত হন আরও ৫ জন।

তথ্যসূত্র : বিবিসি