পরিবেশ আইন লঙ্ঘনে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

0
98

মানিকগঞ্জের ঘিওরের পুরানগ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা।

রোববার (২৮ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। পাশাপাশি, ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে রিসোর্টটি এসটিপি (স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়াই পরিচালিত হয়।

এই লঙ্ঘনের কারণে পরিবেশ অধিদপ্তর চলতি মাসের ৮ সেপ্টেম্বর ডেরা রিসোর্টকে শুনানির জন্য উপস্থিত হতে নোটিশ প্রদান করে। কর্তৃপক্ষ ওইদিন শুনানিতে অনুপস্থিত থাকলেও, আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় রিসোর্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর রিসোর্ট কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মাণ এবং ছাড়পত্র নবায়নের নির্দেশনা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো বাধা বিপত্তি নেই। তিনি জানান, দ্রুত এসটিপি নির্মাণ করা হবে। তবে কেন জরিমানা করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।