ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরী ও শিশুর মৃত্যু

0
75

পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরী (১৫) এবং এক শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা দুটি ঘটে।

সকাল ৯টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের বাঁশেরবাদা এলাকায় একটি অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই অজ্ঞাত কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরীর পরিচয় এখনো জানা যায়নি।

বেলা ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত শিশু উপজেলার সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।