সীমান্তবর্তী পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা: বিজিবি অধিনায়ক

0
96

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এবং সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন বলে জানিয়েছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলার রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিজিবি অধিনায়ক বলেন, ভারত সীমান্তবর্তী আখাউড়া ও বিজয়নগর উপজেলায় সীমান্ত লাগোয়া পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বেজ ক্যাম্প স্থাপন করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। তিনি নিশ্চিত করেন, সীমান্ত এলাকায় পূজা উদযাপন নিয়ে কোনো হুমকি নেই, তবুও বিজিবি সদস্যরা তৎপর আছেন।

তিনি আরও জানান, আখাউড়া এবং বিজয়নগর সীমান্তে মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় প্রধান দায়িত্বে রয়েছে বিজিবি। স্থাপিত বেজ ক্যাম্পগুলো থেকে প্রতিদিন চারটি করে টহল দল প্রতিটি পূজামণ্ডপে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি উল্লেখ করেন, ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় (যার মধ্যে হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর এলাকাও অন্তর্ভুক্ত) এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কারণ এখানকার বাসিন্দাদের মধ্যে চমৎকার মেলবন্ধন রয়েছে।