প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে সংশয় তৈরি হয়েছে: রিজভী

0
63

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে জনগণের মনে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে মাছের পোনা ছাড়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, কেউ কেউ তাকে পাঁচ বছর, দশ বছর এমনকি ৫০ বছর ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গ টেনে রিজভী প্রশ্ন তোলেন, “এ ধরনের বক্তব্য দিয়ে তিনি আসলে কী বার্তা দিচ্ছেন? এটি জনমনে সংশয় সৃষ্টি করেছে।”

রিজভী আরও বলেন, “নির্বাচন নিয়ে অনিশ্চয়তা চলছিল, তখন তিনি ফেব্রুয়ারিতে ভোটের বিষয়টি নিশ্চিত করেছিলেন। অথচ এখন ক্ষমতায় থাকার প্রসঙ্গ তোলায় মানুষের মনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

অর্থনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে আর্থিক সহায়তা আসবে, কিন্তু গত এক বছরে কোনো সহায়তা মেলেনি।

চাঁদাবাজির বিষয়ে রিজভী বলেন, বিএনপির কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তারেক রহমানের নির্দেশে বহিষ্কার করা হচ্ছে। তবে আইনি ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব, সেটি তারা পালন করতে পারছে না।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তাদের ছায়া সরকার বললেও বিএনপির লক্ষ্য হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং যোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ জায়গায় রাখা।

তিনি আরও জানান, বিএনপি শুধু রাজনীতি বা নির্বাচন নয়, সামাজিক ও পরিবেশগত কাজেও সম্পৃক্ত। তারেক রহমানের নির্দেশে বিভিন্ন সংগঠন মাঠপর্যায়ে পরিবেশ রক্ষায় কাজ করছে। এর অংশ হিসেবেই মাছের পোনা ছাড়া হয়েছে।

শেষে রিজভী বলেন, “দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”