ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় দালাল চক্রের সহায়তাকারী ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূলহোতা একজন পলাতক রয়েছে।
রবিবার (৫ অক্টোবর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান নামক স্থানে এ অভিযান চালানো হয়।
৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে হলদীগ্রাম বিজিবির টহল দল চারটি সিএনজিতে থাকা ২৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বাসিন্দা। তারা রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে ভারতের চেন্নাই শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
বিজিবির তথ্যমতে, অনুপ্রবেশের জন্য তারা প্রত্যেকে দালাল চক্রকে ৫ হাজার টাকা করে দিয়েছিলেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সদস্য মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে, তবে প্রধান হোতা মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন।
এই অভিযানে মানবপাচারকারীদের পরিবহন করার অপরাধে চারজন সিএনজি চালকসহ চারটি সিএনজিও আটক করা হয়। এছাড়াও ১৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি এবং নগদ ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক ২৪ বাংলাদেশি এবং চার সিএনজি চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

