ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাবে থাকা মোট ১৭ লাখ ৮৮ হাজার ৮৯১ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেন।
আদালতের নির্দেশে সাবেক মেয়র তাপসের যে তিনটি ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধ করা হয়েছে তার বিবরণ নিম্নরূপ:
- প্রিমিয়ার ব্যাংক পিএলসি: একটি হিসাবে ১৭ লাখ ৮১ হাজার টাকা।
- বাংলাদেশ কৃষি ব্যাংক: একটি হিসাবে ২,২৪২ টাকা।
- প্রাইম ব্যাংক পিএলসি: একটি হিসাবে ৭,৬৪৯ টাকা।
দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেছেন।
দুদক আরও জানায়, সাবেক মেয়র তাপস মোট ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৩৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৪৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ আত্মসাৎ, হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলে কমিশন মামলা করেছে।
আবেদনে দুদক উল্লেখ করে, মামলা তদন্তকালে জানা গেছে যে তাপস তার নামীয় বর্ণিত অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে সম্পদগুলো স্থানান্তরিত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে, বিধায় উল্লিখিত সম্পদগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ নভেম্বর একই আদালত ফজলে নূর তাপসের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

