৩০ দিনের জন্য চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ: সিএমপি

0
36

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বন্দর সংলগ্ন এলাকায় আগামী ৩০ দিনের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এই নিষেধাজ্ঞা আগামী শনিবার (১১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

যে এলাকাগুলোতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো হলো— বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ চট্টগ্রাম বন্দর সংলগ্ন অন্যান্য এলাকা।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট আমদানি ও রপ্তানির সিংহভাগ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন এই এলাকায় প্রায় ৫ থেকে ৬ হাজার পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে বন্দর এলাকার ট্রাফিক স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ বা মানববন্ধন আয়োজনের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, যা বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটায় এবং জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর।

এই অবস্থায়, সিএমপি কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা শনিবার (১১ অক্টোবর) থেকে পরবর্তী ৩০ দিনের জন্য বলবৎ থাকবে।