ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হলো ‘ধ্বংসাত্মক সুনামি’ সতর্কতা

0
70

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে শুক্রবার (১০ অক্টোবর) সকালে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে গোটা অঞ্চলে ‘ধ্বংসাত্মক সুনামি’র সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় এক মিটার বা তার চেয়েও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। তবে উপসাগর ও প্রণালী এলাকায় ঢেউয়ের উচ্চতা আরও বাড়তে পারে বলেও তারা সতর্ক করেছে।

ফিভলকস আশঙ্কা করছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিট নাগাদ প্রথম সুনামি ঢেউ উপকূলে আঘাত হানতে পারে এবং এটি কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে।

সংস্থাটি উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সমুদ্রে থাকা নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং উপকূলের আশেপাশে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (PTWC) জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত হতে পারে।

এছাড়াও, পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া এবং পালাউ-এর কিছু উপকূলেও এক মিটার পর্যন্ত ঢেউ পৌঁছাতে পারে। ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও এই অঞ্চলগুলো ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত, তবুও সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, মাত্র ১০ দিন আগে (৩০ সেপ্টেম্বর) ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি