আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

0
69

ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাড়ির ভাড়াটিয়াসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর, ২০২৫) রাত আনুমানিক ২টার দিকে ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় মো. রহমত উল্লাহর বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম গোলাম রাব্বানী (৫০)। তিনি ওই বাড়িটি দেখাশোনা করতেন।

আহতরা হলেন— পরিচ্ছন্নতাকর্মী ইমান আলী (৪৫), বাড়ির ভাড়াটিয়া ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও মো. রোহান (৭)। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ইমান আলীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে বাড়িটির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য লোক আনা হয়েছিল। পাশাপাশি থাকা দুটি সেপটিক ট্যাংকের মধ্যে একটি পরিষ্কার করার পর যখন অন্যটি পরিষ্কার করা হচ্ছিল, তখনই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ট্যাংকের ঢাকনা উড়ে গিয়ে বাড়ির টিনের চাল ভেঙে উপরে উঠে যায়। সেইসঙ্গে ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশও ভেঙে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রণব চৌধুরী প্রাথমিকভাবে ধারণা করছেন, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ হয়েছে।

আশুলিয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গোলাম রাব্বানীর মরদেহ উদ্ধার করেছে।