চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৪৫ জেলে আটক, ১.৫ কোটি মিটার জাল জব্দ

0
41

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে টাস্কফোর্স সোমবার (১৩ অক্টোবর) মোট ৪৫ জন জেলেকে আটক করেছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে সদর উপজেলা এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরার পদ্মা ও মেঘনা নদীতে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নরসিংহপুর, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ ফাঁড়ির ইনচার্জগণ এবং শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি অংশ নেন।

অভিযানকালে ৪৫ জন জেলেকে আটক করা হলেও, আটককৃতদের মধ্যে ৯ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া, ১৫টি নৌকা ও প্রায় ১ কোটি ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে যারা ইলিশ আহরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।