সচিবালয়মুখী শিক্ষকদের পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিল পুলিশ

0
35

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।

সাড়ে ৪টার দিকে পদযাত্রাটি হাইকোর্টের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর থেকে হাইকোর্টের সামনের সড়কে শিক্ষক-কর্মচারীরা ও পুলিশ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসাবে শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ পালনের কথা থাকলেও সরকারকে আরও কিছুক্ষণ সময় দিয়ে তা বিকালে শুরু করা হয়।

শিক্ষক-কর্মচারীদের প্রধান দাবিগুলো হলো:

  • মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি।

  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা।

  • এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

বিকাল চারটায় শহীদ মিনার থেকে বের হওয়া পদযাত্রাটি হাইকোর্টের সামনে পুলিশের বাধার মুখে পড়লে সেখানেই বসে বিক্ষোভ শুরু করেন শিক্ষকরা। জোটের যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক ফোরাম-বিটিএফের সভাপতি মো. হাবিবুল্লাহ্ রাজু বলেন, “আমরা রাস্তা থেকে উঠবো না। এখানেই অবস্থান নেব।” হাইকোর্টের সামনের সড়কে অবস্থান নিয়েই শিক্ষক নেতারা দাবির পক্ষে বক্তব্য দিচ্ছেন।

এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।