শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাংলাদেশের কঠিন পরীক্ষা

0
35

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার (অক্টোবর ১৬, ২০২৫) শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে নিগার সুলতানা জ্যোতির দল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও এরপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে। কিউইদের বিপক্ষে হারলেও ইংল্যান্ড ও সর্বশেষ প্রোটিয়াদের বিপক্ষে দারুণ লড়াই করেছে জ্যোতি, মারুফা, নাহিদারা। যদিও শক্তিমত্তার দিক থেকে অজিরা অনেক এগিয়ে, তবে ওই ম্যাচগুলোতে লড়াই করার অভিজ্ঞতা লাল-সবুজের প্রতিনিধিদের আত্মবিশ্বাস জোগাবে।

ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল হলো অস্ট্রেলিয়া। নারী বিশ্বকাপের ১৩ আসরের মধ্যে তারা সর্বোচ্চ সাতবারই শিরোপা উঁচিয়ে ধরেছে। এবারের আসরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপার অন্যতম দাবিদার। এখন পর্যন্ত চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে সবার ওপরে। নিজেদের সবশেষ ম্যাচে তারা স্বাগতিক ভারতকে তিন উইকেটে হারিয়েছে।

অন্যদিকে, চার ম্যাচ খেলে ১ জয় এবং তিন হারে জ্যোতিদের পয়েন্ট মাত্র ২। আজ বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামলেও টাইগ্রেসদের চোখ থাকবে ইতিহাস গড়ার দিকে। কেননা এবারের আসরে আর একটি মাত্র ম্যাচ জিততে পারলেই ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুই ম্যাচ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে অঘটনের জন্ম দিয়ে সেই কীর্তি গড়তে পারে কিনা বাংলাদেশ, সেটাই আজ দেখার বিষয়।