ইন্দোনেশিয়া তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের অংশ হিসেবে চীন থেকে কমপক্ষে ৪২টি চেংডু জে-১০সি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে। ইন্দোনেশিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এই প্রথম দেশটি পশ্চিমা দেশের বাইরে অন্য কোনো দেশ থেকে যুদ্ধবিমান কিনছে।
বুধবার জাকার্তায় প্রতিরক্ষামন্ত্রী সামামসৌদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘তারা শীঘ্রই জাকার্তার উপর দিয়ে উড়বে,’ তবে এই ক্রয়ের বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকার করেন।
জে-১০সি যুদ্ধবিমান কেনার পরিকল্পনাটি গত মাসেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফ্রেগা ওয়েনাস প্রথম প্রকাশ করেছিলেন। স্থানীয় গণমাধ্যম অনুসারে, ইন্দোনেশিয়ার বিমান বাহিনী বর্তমানে বিমানগুলো পর্যালোচনা করছে যাতে নিশ্চিত হওয়া যায় যে এগুলি দেশের বিমান প্রতিরক্ষা ক্ষমতা কার্যকরভাবে জোরদার করবে।
বুধবার অর্থমন্ত্রী পূর্বায় যুধি সাদেওয়া নিশ্চিত করেছেন যে, চীন থেকে এই যুদ্ধবিমান কেনার জন্য তার মন্ত্রণালয় ৯ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট অনুমোদন করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি আঞ্চলিক সংবেদনশীলতা স্পর্শ করতে পারে এবং ভূ-রাজনৈতিক প্রভাব ফেলতে পারে।