এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেছেন, এবারের ফল ভালো নাকি খারাপ হয়েছে, সে মন্তব্য তিনি করবেন না। তবে, তিনি জোর দিয়ে বলেন, “এটাই রিয়েল (প্রকৃত) ফলাফল।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার বিষয়টি কাঙ্ক্ষিত নয়। যারা পাস করতে পারেনি, তাদের ডেকে উৎসাহ দিতে হবে, যাতে আগামীতে তারা ভালো করে। তিনি প্রত্যাশা করেন, আগামী বছর এই দিনটি তাদের জন্য উৎসবমুখর দিন হিসেবে কাটবে।
খাতা মূল্যায়নে কঠোর হতে পরীক্ষকদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষা বোর্ড থেকে নম্বর দেওয়ার ব্যাপারে পরীক্ষকদের কোনো নির্দেশনা ছিল না। ফলে শিক্ষার্থীরা যা লিখেছে, সেটারই সঠিক মূল্যায়ন হয়েছে। তিনি জানান, পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো শুধু কম্পাইলড করে ফল প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকটি বিষয়ে শিক্ষার্থীরা ভালো করতে পারেনি, যা সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে। তবে, শহরের তুলনায় গ্রামের দিকের শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বেশি খারাপ হয়েছে। তিনি মন্তব্য করেন, সাধারণত সমৃদ্ধ অঞ্চলের (শহর) ফলাফল স্বাভাবিকভাবেই ভালো হয়।