রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

0
29
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের মুহিবুর রহমান। ভাগ্য তাকে নিয়ে যায় সরাসরি রণক্ষেত্রে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এই বাংলাদেশি তরুণ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাবিবুর রহমান।

নিহত মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার সন্তান।

এলাকাবাসী ও পারবার সূত্রে জানা যায়, মুহিবুর এইচএসসি ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দু-চোখ ভরা স্বপ্ন নিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে যান। সেখানে কোনো কারণে তার ভিসা বাতিল হয়ে গেলে তিনি দিশেহারা হয়ে পড়েন। পরে তিনি রাশিয়ায় যান। সেখানে এক দালালের খপ্পরে পড়েন। দালালরা তাকে প্ররোচনা দেয়, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে ভালো বেতন পাওয়া যাবে এবং যুদ্ধ শেষে মিলবে দেশটির নাগরিকত্ব।

মুহিবুরের পাশের বাড়ির আবদাল মিয়া জানান, মুহিবুর একটি বাংকারের ভেতরে অবস্থান করছিলেন, কিন্তু ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারটি বিধ্বস্ত হলে তিনি মারা যান। ঠিক কবে তার মৃত্যু হয়েছে তা পরিবার নিশ্চিত করতে পারেনি। তবে, তারা শুক্রবার মহিবুরের মৃত্যুর খবর পান।

নিহতের ভাই হাবিবুর রহমান বলেন, ‍“পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আমার ভাই। উচ্চ শিক্ষা ও উপার্জনের জন‍্য তিনি প্রবাসে পাড়ি দিয়েছিলেন। আজ তিনি বেঁচে নেই। পরিবারের পক্ষ থেকে একটাই দাবি, ভাইয়ের মরদেহ যেন আমাদের কাছে এনে দেওয়া হয়।”

তিনি জানান, একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মুহিবুর মারা যান।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তারা এ ঘটনায় শোকাহত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here